মোঃ নাজিবুল রহমান নাসিম
লালপুর উপজেলা প্রতিনিধি, নাটোর:
নাটোরের লালপুরে পদ্মা নদীর উত্তর পাড়ের চর এলাকায় আখের জমি থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামের পদ্মা নদীর উত্তর পাড়ের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকার একটি আখের জমিতে ছেঁড়া প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় সন্দেহজনক কিছু পড়ে রয়েছে।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে অভিযান পরিচালনা করে স্থানীয় লোকজনের উপস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় থাকা বস্তা থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে নাটোরের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে উদ্ধারকৃত অস্ত্রটি কে বা কারা সেখানে রেখেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।


