১০৭০ কোটি ডলারের শেয়ার উপহার দেবেন ইলন মাস্ক, কারা পাবেন?

বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে তাঁর মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি করে শেয়ার উপহার দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপহারের মোট মূল্য দাঁড়াতে পারে প্রায় ১০৭০ কোটি ডলার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক জানান, ২০২৭ সালে যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে একটি করে স্পেসএক্স শেয়ার দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে কারা এই সুবিধার আওতায় আসবে, কীভাবে শেয়ার বিতরণ করা হবে এবং কবে নাগাদ তা দেওয়া হবে—এসব বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

যুক্তরাষ্ট্রে ১৮ বছরের কম বয়সী শিশুর সংখ্যা আনুমানিক ৭ কোটি ৩০ লাখ। প্রতি শেয়ারের দাম প্রায় ১৪৬ ডলার ধরে হিসাব করলে সব শিশুকে একটি করে শেয়ার দেওয়ার মোট মূল্য প্রায় ১০৭০ কোটি ডলার হতে পারে।

তবে ঘোষণাটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে। শেয়ার বিতরণের পদ্ধতি, যোগ্যতা নির্ধারণ এবং শিশুদের নামে শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ফলে কারা শেষ পর্যন্ত এই সুবিধা পাবে, তা এখনো নিশ্চিত নয়।

মাস্কের এই ঘোষণা এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারের একটি অংশ জনকল্যাণমূলক তহবিলে দেওয়ার উদ্যোগের পর। এর পরিপ্রেক্ষিতে মাস্ক সাধারণ মানুষের মধ্যে সরাসরি শেয়ার বিতরণের ধারণার কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *