সংবাদ সারাদিন ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতিতে চলার সময় ‘বাঁধন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে গেছে। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে সোনাপুর–সুবর্ণচর সড়কের হারিছ চৌধুরী বাজারের উত্তর পাশে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাঁধন পরিবহনের বাসটি সোনাপুর–সুবর্ণচর সড়কে প্রবেশের পর থেকেই চরম বেপরোয়া গতিতে চলছিল। বাসের এক যাত্রী অভিযোগ করেন, ঘটনার সময় মূল চালক নয়, বরং বাসের হেলপার গাড়িটি চালাচ্ছিলেন এবং অতিরিক্ত গতির কারণে মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়। অপর এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার ঠিক কিছুক্ষণ আগে বাসটি অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে কয়েকটি গাড়িকে ওভারটেক করে সামনে এগিয়েছিল।
দুর্ঘটনার খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিস ও চরজব্বর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে তার আগেই স্থানীয় লোকজনের সহায়তার বাসের ভেতরে থাকা আহত যাত্রীরা বের হয়ে আসেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, বাস দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


