‘জয় বাংলা’ বললেই গ্রেপ্তার, সাত বছরের কারাদণ্ড দিতে হবে: খোমেনী এহসান

জাতীয় ডেস্ক | সংবাদ সারাদিন

নির্বাহী আদেশ ও সংসদে সাংবিধানিক আইন পাসের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। একই সঙ্গে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

এর আগে বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলটি রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগ চার রাস্তার মোড়ে গিয়ে অবস্থান নেয়।

সমাবেশে বক্তারা বলেন, শুক্রবারের কর্মসূচি মূলত একটি ডেমো। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত ভবিষ্যতে শাহবাগ অবরোধের কর্মসূচি দেওয়া হবে। এ সময় বাংলাদেশে ভারতের কোনো ধরনের দখল বা হস্তক্ষেপের চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

সংগঠনটির আহ্বায়ক খোমেনী এহসান বলেন, আইন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। কেউ দলটির স্লোগান দিলে বা ‘জয় বাংলা’ বললে তাকে গ্রেপ্তার করে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার দাবি জানান তিনি। টক শোতে আওয়ামী লীগের পক্ষে কথা বললেও সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানান খোমেনী এহসান।

এ ছাড়া আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সহায়-সম্পত্তি ও জমিজমা বাজেয়াপ্ত করে জনগণের মধ্যে বিতরণের দাবিও জানান তিনি।

সরকারের আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে খোমেনী এহসান অভিযোগ করেন, ট্রাইব্যুনালের মামলার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলে দলটিকে পুনর্গঠনের সুযোগ দেওয়া হচ্ছে। বিএনপির বিরুদ্ধেও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করার অভিযোগ তোলেন তিনি।

জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইয়্যেদ কুতুব বলেন, কয়েক দিন ধরে ভারতের একটি মহল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তাঁরা মনে করেন। তাঁর দাবি, গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিও এর অংশ। তবে বাংলাদেশের ওপর ভারতের কোনো ধরনের দখল বা হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশ শেষে শাহবাগে সংগঠনটির পক্ষ থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পোড়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *