সংবাদ সারাদিন ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
চলতি সেপ্টেম্বর মাসের শেষ ও আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দেশে ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। পরিস্থিতি মোকাবিলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এ কথা জানান।
চিকিৎসকদের প্রশিক্ষণ ও হাসপাতাল প্রস্তুত:
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “ডেঙ্গুতে প্রতিটি মৃত্যুই অত্যন্ত বেদনার, আমরা কোনোভাবেই মৃত্যু কাম্য করি না। সম্ভাব্য সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে এরই মধ্যে দেশের ৩০০ জন চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাশাপাশি সকল সিভিল সার্জনদের নিজ নিজ জেলার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি ও জরুরি পদক্ষেপ নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লে যেন শয্যা সংকট তৈরি না হয়, সেজন্য সরকারি হাসপাতালগুলোতে অতিরিক্ত বেডের সংস্থান রাখা হয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতাল মালিকদের ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ শয্যা ও চিকিৎসাসেবা প্রস্তুত রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
স্যালাইন ও কিটের পর্যাপ্ত মজুদ:
ডেঙ্গু চিকিৎসার জরুরি অনুষঙ্গ সম্পর্কে প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, দেশে আইভি স্যালাইন এবং এনএস-১ টেস্ট কিটের পর্যাপ্ত মজুদ রয়েছে। জরুরি চাহিদা মেটাতে সরবরাহ ব্যবস্থা সচল রাখা হয়েছে এবং প্রয়োজনে এসব স্বাস্থ্যসামগ্রীর আমদানি ও উৎপাদন আরও বাড়ানো হবে।
অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে মশার প্রজননস্থল ধ্বংস ও সাধারণ নাগরিকদের সচেতন হওয়ার জন্য আহ্বান জানান তিনি।


