ঢাকা: বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস , সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে শেখ হাসিনার সমর্থকদের ধারাবাহিক সহিংস কর্মকাণ্ডকে ‘ছোট পরিসরে রাষ্ট্রবিরোধী তৎপরতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এসব সহিংসতায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা এবং বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন।
সহিংসতার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে। সেখানে বিক্ষোভকারীরা যান চলাচলে বাধা দেওয়ার পাশাপাশি সরকারি স্থাপনায় হামলা চালায় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি মহাসড়কও টানা ৩৬ ঘণ্টা অবরোধ করে রাখা হয়।
এদিকে, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রাণঘাতী দমন-পীড়নের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। পরবর্তীতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেন।
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি সরকারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত থাকছে সংবাদ সারাদিনে।


