আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (২১ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর চাপ সত্ত্বেও ইরানে সামরিক হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। বরং আপাতত তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে অনিচ্ছুক মার্কিন প্রশাসন।
এদিকে, ইসরাইলের জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তারা সতর্ক করেছেন, ইরানে নতুন করে হামলা চালানো হলে লেবানন, সিরিয়া ও গাজাসহ পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র সম্ভাব্য সামরিক অভিযান অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করছে। অন্যদিকে, ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করছে ইসরাইল।
এদিকে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের নৌবাহিনী নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তবে নতুন বছরের আগে ইরানে হামলার নির্দেশ দেওয়ার বিষয়ে তিনি অনাগ্রহী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কৌশলগত অবস্থান এবং কূটনৈতিক তৎপরতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।


