সাতক্ষীরার দুই কলেজে শতভাগ ফেল, জেলায় পাসের হার ৪৩.৪৫ শতাংশ

প্রতিবেদক: এম. এস. মারুফ | সাতক্ষীরা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। কলেজ দুটি হলো সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ এবং শ্যামনগরের এ কে ফজলুল হক এমসি কলেজ। অন্যদিকে, জেলায় সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৪৫ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর সাতক্ষীরা জেলার ২৩টি কেন্দ্রে ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১১ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৬ জন।

ফলাফলে ছাত্রীদের পাসের হার ও সংখ্যা—দুটিই ছাত্রদের তুলনায় বেশি। জেলায় ৫ হাজার ৯২৪ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২ হাজার ১৫৭ জন। অন্যদিকে, ৫ হাজার ৬৬৭ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৮৭৯ জন।

ফলাফল বিবরণীতে দেখা যায়, ইসলামিয়া মহিলা কলেজ থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেননি। একইভাবে, এ কে ফজলুল হক এমসি কলেজের ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যেও কোনো উত্তীর্ণ শিক্ষার্থী নেই।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *