টঙ্গীতে আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক | সংবাদ সারাদিন

গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগার আলেক টেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি করছিল পুলিশ। পরে রাতে সেখানে অভিযান চালিয়ে আবাসিক বাড়িতে গড়ে তোলা ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়।

পুলিশের কাছে গ্রেফতার নাজমুলের দাবি, প্রেমের বিরহে নিঃস্ব হয়ে পড়ার পর তিনি ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন। পরে ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরি শুরু করেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, নাজমুল ওই এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের বড় ছেলে। কয়েক বছর আগে বিদেশ থেকে দেশে ফেরার পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন বলে স্থানীয়রা জানান।

ঘটনায় জব্দ করা সরঞ্জাম ও রাসায়নিক উপাদান নিয়ে তদন্ত করছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *