অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার

Table of content

Table of content

জাতীয় ডেস্ক | সংবাদ সারাদিন

বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত ২৮ পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে বাবুর্চি থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার পুলিশ সদস্য রয়েছেন।

প্রত্যাহার হওয়া ২৮ সদস্যের মধ্যে খুলনা ও বাগেরহাট জেলার ৯ জন করে, যশোরের ২ জন, ঝিনাইদহের ৩ জন, কুষ্টিয়ার ৪ জন এবং চুয়াডাঙ্গার ১ জন রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, খুলনা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ ওঠার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তালিকায় বিভিন্ন থানার পাশাপাশি ট্রাফিক ও গোয়েন্দা শাখায় কর্মরত সদস্যরাও রয়েছেন।

পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযানের কথা জানালেন ডিআইজি

এ বিষয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ কারণে প্রথমে পুলিশ বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশের কিছু সদস্যের অনৈতিক সুবিধা গ্রহণ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং বাহিনীর প্রতি জনআস্থা তৈরির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।

ডিআইজি জানান, অনৈতিক সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশনা রয়েছে। এর ধারাবাহিকতায় খুলনা বিভাগে এ শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশ বাহিনীর অভ্যন্তরে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপের মাধ্যমে শৃঙ্খলা নিশ্চিত করা এবং জনসাধারণের আস্থা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *