সংবাদ সারাদিন ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক প্রদান প্রক্রিয়ায় আগাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক করে জরুরি নির্দেশনা জারি করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপযুক্ত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সেবাগ্রহীতাদের অতিরিক্ত উপস্থিতির কারণে কার্যালয় ও এর সংলগ্ন এলাকায় জনসমাগম এবং বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। স্থানীয় সৌদি প্রশাসনের অনুরোধ এবং সেবার মান সুশৃঙ্খল রাখার স্বার্থেই এই আগাম সময় নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর (বুধবার) থেকে আগাম অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত সরাসরি উপস্থিত হওয়া কোনো প্রবাসীর বায়োমেট্রিক তথ্য গ্রহণ করা হবে না।
পাসপোর্ট প্রত্যাশীদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী:
পোর্টাল অ্যাপয়েন্টমেন্ট: বায়োমেট্রিক প্রদানের জন্য সেবাগ্রহীতাদের অবশ্যই রিয়াদ বাংলাদেশ দূতাবাসের নির্ধারিত নিজস্ব ওয়েব পোর্টালের মাধ্যমে আগাম তারিখ ও সময় নিশ্চিত (Booking) করতে হবে।
পূর্বনির্ধারিত আবেদন: যাদের ইতিপূর্বে অ্যাপয়েন্টমেন্টের নির্দিষ্ট তারিখ ও সময় নিশ্চিত করা হয়েছে, তারা পূর্বসূচি অনুসারেই দূতাবাসে উপস্থিত হয়ে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
দূতাবাস কর্তৃপক্ষ প্রবাসীদের সুশৃঙ্খলভাবে সেবা দেওয়ার সুবিধার্থে নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার এবং অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।


