সংবাদ সারাদিন ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ একাধিক দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় জোট। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে আনুষ্ঠানিক সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।
এর আগে সকাল ৭টায় লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরুর পর জোটের বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতা ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক এতে অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
লংমার্চের মূল দাবিগুলো:
জুলাই গণহত্যার ত্বরান্বিত বিচার এবং গণভোটের গণরায় বাস্তবায়ন।
গ্যাস, তেল, বিদ্যুৎ ও সার সংকট দূর করা।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সংকীর্ণ দলীয়করণ বন্ধের কার্যকর পদক্ষেপ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মহাসড়কের বেশ কয়েকটি কৌশলগত স্থানে অন্তত চারটি পথসভা অনুষ্ঠিত হবে।


