দুই দিনের বরিশাল সফরের অংশ হিসেবে ঝালকাঠির ভিমরুলির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। নৌকায় বাজার ও আশপাশের পেয়ারা বাগান ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং পেয়ারা চাষ ও বিপণন সম্পর্কে ধারণা নেন তিনি।
ঝালকাঠি: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঝালকাঠির ভিমরুলির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ও আশপাশের পেয়ারা বাগান পরিদর্শন করেছেন। রোববার (৯ আগস্ট) সকালে দুই দিনের বরিশাল সফরের অংশ হিসেবে তিনি ভিমরুলিতে যান।
সকাল প্রায় ৯টার দিকে ভিমরুলির বাজারে পৌঁছালে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন তাকে স্বাগত জানান। পরে স্থানীয় প্রশাসন ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে ছোট নৌকায় চড়ে ভাসমান বাজার ঘুরে দেখেন রাষ্ট্রদূত।
এ সময় তিনি নৌকায় পেয়ারা কেনাবেচা ও পরিবহনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পেয়ারা উৎপাদন, সংগ্রহ ও বাজারজাতকরণের বিভিন্ন দিক সম্পর্কেও তিনি জানতে চান। ভিমরুলির পেয়ারা চেখে দেখার পাশাপাশি এলাকার খাল, জলাভূমি ও সবুজ পেয়ারা বাগানের প্রাকৃতিক পরিবেশও উপভোগ করেন ক্রিস্টেনসেন।
সফরে রাষ্ট্রদূতের সঙ্গে তার স্ত্রী ডিয়ান ডাও-ও ছিলেন। পরিদর্শন শেষে ক্রিস্টেনসেন সাংবাদিকদের জানান, বাংলাদেশের এই ব্যতিক্রমী ভাসমান বাজার ঘুরে তিনি আনন্দিত। স্থানীয় মানুষের জীবনযাত্রা, কৃষিকাজ এবং প্রকৃতিকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
ভিমরুলিতে কিছু সময় কাটানোর পর রাষ্ট্রদূত ট্রলারযোগে পিরোজপুরের আটঘর-কুড়িয়ানার উদ্দেশে রওনা হন।
ভিমরুলির ভাসমান পেয়ারা বাজার দক্ষিণাঞ্চলের পরিচিত কৃষিভিত্তিক পর্যটন আকর্ষণগুলোর একটি। বর্ষা মৌসুমে নৌকায় পেয়ারা কেনাবেচার দৃশ্য দেখতে দেশি-বিদেশি দর্শনার্থীরা এখানে আসেন।


