গভীর রাতে পৌর বাস টার্মিনালসংলগ্ন এলাকায় ঘটনা; জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ
সংবাদ সারাদিন ডেস্ক
ফরিদপুর শহরে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কালাচান শেখ (৫৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা ওই চালক ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে শহরের গোয়ালচামট এলাকায় পৌর বাস টার্মিনালসংলগ্ন ঢাকা–বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
নিহত কালাচান শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের মৃত নুরুদ্দিন শেখের ছেলে। প্রায় ৩০ বছর ধরে তিনি বাসচালক হিসেবে কাজ করছিলেন।
স্থানীয়রা রাত ১টা ৫৫ মিনিটের দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাসের ভেতরে থাকা কালাচানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া বাসটি ‘কিশোর-তন্ময়’ পরিবহনের। এটি ফরিদপুর–মাদারীপুর আঞ্চলিক সড়কে চলাচল করত। প্রায় দেড় বছর ধরে বাসটি চালাচ্ছিলেন কালাচান।
পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে বসবাস করতেন তিনি। তবে কাজ শেষে বেশি রাত হয়ে গেলে বাড়িতে না ফিরে বাসেই ঘুমাতেন। ঘটনার রাতেও তিনি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।
বাসটির মালিক তপন কুমার দাস (৫০)। তিনি ফরিদপুর শহরের রথখোলা সিংপাড়া এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে এবং এতে চালকের মৃত্যু হয়েছে। জড়িতদের শনাক্ত করতে শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।


