লক্ষ্মীপুরে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি অনুষ্ঠিত

মো সাইফুল ইসলাম | লক্ষ্মীপুর জেলা।

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৩০ অক্টোবর) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘মার্চ ফর ইনসাফ’ শীর্ষক এ পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে সশরীরে অংশ নিয়ে নেতৃত্ব দেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের এবং ডাকসুর সাবেক নেতা ও সংগঠনটির সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা।

জুমার নামাজের পর লক্ষ্মীপুর শহরের চকবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিকেলে উত্তর তেমুহনী এলাকার শহীদ আফনান চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়। একই কর্মসূচির অংশ হিসেবে জেলার রায়পুর উপজেলাতেও পৃথক বিক্ষোভ মিছিল ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।

কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং হত্যায় জড়িতদের গ্রেপ্তার নিশ্চিত করা; জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা; দেশে চলমান সব ধরনের হত্যাকাণ্ড বন্ধে কার্যকর রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা।

হাদি হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের বিষয়ে প্রশাসনকে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়ার কথাও জানায় সংগঠনটি।

কর্মসূচি শেষে এসব দাবির বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়ার কথা জানান আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *