গনসংযোগ শেষে বক্তব্য চলাকালে বাধা, ধাওয়া খেয়ে পালানোর অভিযোগ
মো. সাইফুল ইসলাম | লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইনকিলাব মঞ্চের পূর্বনির্ধারিত কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। ১০ নম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের নেতা মো. আনোয়ার হোসেন সাদ্দামের নেতৃত্বে এ বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) বাদ মাগরিব চন্দ্রগঞ্জ বাজারে গনসংযোগ কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। গনসংযোগ শেষে নিউমার্কেটের সামনে
ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের এর বক্তব্য চলাকালে যুবদল নেতা আনোয়ার হোসেন সাদ্দাম ও তাঁর অনুসারীরা সেখানে উপস্থিত হয়ে কর্মসূচিতে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ ওঠে।
এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও উপস্থিত সাধারণ মানুষের ধাওয়ার মুখে সাদ্দাম ও তাঁর অনুসারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
তবে এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা মো. আনোয়ার হোসেন সাদ্দামের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।


