মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনার রূপসায় জাকির শেখ (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জাকির শেখ স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে জাকির শেখ হীরকের দোকানে বসে ছিলেন। এ সময় হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া হীরকের দোকানের সামনে বিএনপি নেতা জাকিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশি তৎপরতা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


