মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনার আলোচিত নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য শাহারিয়ার ইসলাম রকিকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল।

গত ১২ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে শিবচর থানার ডিসি রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহারিয়ার ইসলাম রকি খুলনা মহানগরীর ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার লেন এলাকার মৃত মো. শাহজাহানের ছেলে। তিনি খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী নুরাজিমের আপন ভাই বলে জানা গেছে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় নুরাজিম বাহিনীর নাম উঠে আসে। এ ছাড়া খুলনা নগরীতে মাদক কারবার, হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে বাহিনীটির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রকির বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তিনটি হত্যা মামলা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলার তথ্য রয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *