মাফিকুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি :-
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ” জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক মুহাদ্দিস ড. এনামুল হক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহের জেলা পর্যায়ের বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের হাত থেকে শ্রেষ্ঠ শিক্ষকের সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন তিনি।
ড. এনামুল হক বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস (সহকারী অধ্যাপক) হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা ও জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম।
শিক্ষকতা জীবনে এর আগেও একাধিকবার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন ড. এনামুল হক। ২০০৪ ও ২০০৭ সালে বিরামপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি। সর্বশেষ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে সেই অর্জনের ধারাবাহিকতা ধরে রেখেছেন।
১৯৭৭ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন ড. এনামুল হক। মাদরাসা শিক্ষার মাধ্যমে তাঁর শিক্ষাজীবন শুরু হয়। পরবর্তী সময়ে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে কামিল ডিগ্রি, দিনাজপুর সরকারি কলেজ থেকে বিএ এবং সাউথইস্ট ইউনিভার্সিটির ইসলামী স্টাডিজ বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। এমএ পরীক্ষায় মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদে সর্বোচ্চ নম্বর অর্জনের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতি গোল্ড মেডেল লাভ করেন। ২০০৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদের হাত থেকে এ পদক গ্রহণ করেন তিনি।
এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ড. এনামুল হক। তাঁর গবেষণার বিষয় ছিল ‘আল হাদীসে বর্ণিত প্রাচীন জাতিগোষ্ঠী: কাহিনী ও শিক্ষা’।
১৯৯৮ সালের ৯ আগস্ট বিজুল দারুল হুদা কামিল মাদরাসার হাদিস বিভাগের মুহাদ্দিস হিসেবে যোগদানের মধ্য দিয়ে তাঁর শিক্ষকতা জীবন শুরু হয়। দীর্ঘদিনের অভিজ্ঞতায় বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির প্রধান মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষকতার পাশাপাশি গবেষণামূলক লেখালেখিতেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। তাঁর শতাধিক গবেষণামূলক প্রবন্ধ, ইসলামি চিন্তাধারাভিত্তিক নিবন্ধ ও সমসাময়িক বিষয়ক লেখা বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং সাময়িকীতে প্রকাশিত হয়েছে। দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক সংগ্রামসহ বিভিন্ন পত্রিকায় তিনি লেখালেখি করেছেন। তিনি বিরামপুর প্রেসক্লাবের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শিক্ষকতা, উচ্চশিক্ষা ও গবেষণায় দীর্ঘ অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।


