ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযানে চারজন গ্রেপ্তার, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার।

মো. শফিউল আলম রাশেদ।
ঝালকাঠি জেলা প্রতিনিধি:


ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে মাদকসেবী ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২ হাজার ১৫০ টাকা এবং দুটি স্মার্টফোন জব্দ করেছে ডিবি পুলিশ।বৃহস্পতিবার (২৯ অক্টোবর২৬) রাতে জেলার কাঠালিয়া ও রাজাপুর উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।


ডিবি পুলিশ সূত্রে জানা যায়, কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে আনোয়ার হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে তার ডোপ টেস্টে অ্যামফেটামিনের উপস্থিতি পাওয়া যায়।


অন্যদিকে, একই রাতে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রিয়াদ হাওলাদার (২১), সোহেল গাজী (৪৩) ও গোলাম রাব্বি (২০)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ১৫০ টাকা, একটি ভিভো অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স জব্দ করা হয়। ডোপ টেস্টে গ্রেপ্তার তিনজনের শরীরেও মাদক গ্রহণের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে পৃথকভাবে এসআই মো. হুমায়ুন কবির ও এসআই মোস্তফা কামাল অংশগ্রহণ করেন।


এ ঘটনায় কাঠালিয়া থানায় একজনের বিরুদ্ধে এবং রাজাপুর থানায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।


জেলার মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের ধারাবাহিক অভিযানকে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে অপরাধ নিয়ন্ত্রণে আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *