সংবাদ সারাদিন | ২৬ অক্টোবর ২০২৬
রাজধানীর গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন ২ হাজার ৩৫৯ লিটার মদ ও বিয়ার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বিত দল। জব্দ করা এসব পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৪ কোটি ২ লাখ ৮২ হাজার টাকা।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে গুলশানের রেস্টুরেন্টটিতে এ অভিযান চালানো হয়। প্রায় তিন ঘণ্টার অভিযানে রেস্টুরেন্টের গুদাম ও প্রদর্শনীস্থলের পাশাপাশি একটি গোপন কক্ষে মদ ও বিয়ারের মজুত পাওয়া যায়।
জব্দ করা হয়েছে যেসব পানীয়
এনবিআরের তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ৮২৬ লিটার মদ এবং দেশি-বিদেশি ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার। মদের মধ্যে ভ্যাট ৬৯, শিভাস রিগাল, ব্ল্যাক লেবেল, রেড লেবেল, জ্যাক ড্যানিয়েলস, গর্ডনস জিন ও অ্যাবসোলুট ভদকার মতো ব্র্যান্ডের পানীয় রয়েছে। বিয়ারের মধ্যে রয়েছে হান্টার ও হাইনেকেন।
বৈধ কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ
এনবিআরের ভাষ্য অনুযায়ী, রেস্টুরেন্টটি মদ আমদানিকারক হিসেবে নিবন্ধিত নয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেশীয় মদ ও বিয়ার কেনার পক্ষে কিছু চালান দেখানো হলেও বাকি পণ্যগুলোর ক্রয়সংক্রান্ত প্রয়োজনীয় নথি উপস্থাপন করা যায়নি। বিদেশি মদ ও বিয়ার কেনার বৈধ দলিলও দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।
শুল্ক ফাঁকি দিয়ে পণ্য সংগ্রহ ও বিক্রি, ভ্যাট ফাঁকি, আয়কর নথিতে বিক্রির অর্থ সঠিকভাবে দেখানো হয়েছে কি না এবং সংশ্লিষ্ট লেনদেনে অর্থপাচারের কোনো যোগসূত্র রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এনবিআরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এবং ভ্যাট গোয়েন্দা বিভাগের সদস্যরা অংশ নেন। আইনগত পরবর্তী পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


