সংবাদ সারাদিন ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি স্প্যানিশ ফুটবলে তাঁর বিনিয়োগের পরিধি আরও বাড়াচ্ছেন। দেশটির দ্বিতীয় বিভাগের দল ‘সিডি এলদেনসে’ (CD Eldense) ক্লাবটির পূর্ণাঙ্গ মালিকানা কেনার বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছেন ইন্টার মিয়ামির এই ফরোয়ার্ড।
স্প্যানিশ প্রভাবশালী ক্রীড়া সংবাদমাধ্যম ‘এএস’ (AS)-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ক্লাবটির বর্তমান মালিক কলম্বিয়ান বিনিয়োগকারী গোষ্ঠী ‘টিএইচ’-এর কাছ থেকে শতভাগ শেয়ার কেনার নীতিগত সিদ্ধান্ত সম্পন্ন হয়েছে।
চুক্তি ও ক্লাবের বর্তমান পরিস্থিতি:
একক মালিকানা: এই ক্লাবে মেসি এককভাবেই বিনিয়োগ করছেন, সঙ্গে কোনো যৌথ অংশীদার থাকছে না। স্পেনের সর্বোচ্চ ক্রীড়া পরিষদের (CSD) চূড়ান্ত অনুমোদন ও আর্থিক নিরীক্ষা শেষে আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
মেয়রের সম্মতি: স্পেনের আলিকান্তে প্রদেশের এলদা শহরের মেয়র রুবেন আলফারো সমঝোতার বিষয়টি নিশ্চিত করে প্রকাশ করেছেন উচ্ছ্বাস।
এলদেনসের সাম্প্রতিক পারফর্ম্যান্স: ৫৫ হাজার মানুষের শহর এলদার এই ক্লাবটি এবার দ্বিতীয় বিভাগে বেশ সংকটে রয়েছে। মৌসুমে প্রথম চার ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়ায় গত রবিবার প্রধান কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ।
এক বছরে দুই ক্লাবের মালিক:
স্পেনে এটি মেসির দ্বিতীয় ক্লাব কেনা। এর আগে চলতি বছরের ১৬ এপ্রিল দেশটির পঞ্চম স্তরের ফুটবল দল ‘ইউই কর্নেয়া’-র (UE Cornellà) মালিকানা কিনেছিলেন তিনি। এলদেনসের চুক্তি চূড়ান্ত হলে ২০২৬ সালেই স্পেনের দুটি পৃথক ক্লাবের মালিক হওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল তারকা।


