সংবাদ সারাদিন ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর বাড্ডা এলাকার সাঁতারকুলে একটি আসবাবপত্রের (ফার্নিচার) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরু করেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে আগুনের সংবাদের পর ফায়ার সার্ভিসের প্রথম দলটি দ্রুত রওনা হয়ে সকাল ৯টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, বাড্ডার সাঁতারকুলে একটি ফার্নিচার গোডাউনে আগুন লাগার পর প্রথমে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় সহায়তার জন্য পরবর্তীতে পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


