দুই বছরের সাজা এড়াতে চার বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

জাতীয় ডেস্ক | সংবাদ সারাদিন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামি মো. মাসুদ ওরফে মাছুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সময় নিউজের প্রতিবেদন অনুযায়ী, ৩৮ বছর বয়সী মাছুম দক্ষিণ তেঁতাভূমি গ্রামের মৃত আবদুল বারেক ওরফে বারু মিয়ার ছেলে। তিনি চার বছর ধরে পলাতক ছিলেন।

পুলিশ জানায়, মাছুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে একটি সাজা পরোয়ানা ও একটি গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

একটি মামলায় তার দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *