জাতীয় ডেস্ক | সংবাদ সারাদিন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুর্বৃত্তদের হামলায় ছয় বছরের শিশু তওবা নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা গোলাপ হোসেন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকসের পাশের একটি পরিত্যক্ত জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা গোলাপ হোসেনের স্থায়ী বাড়ি রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
ঘটনার দিন তওবা তার বাবার সঙ্গে দাদার দেখা করতে গিয়েছিল। শিশুটির দাদা জয়ানাল মিয়া গত পাঁচ বছর ধরে ওই এলাকার একটি ইটভাটায় কাজ করেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাবা-মেয়ে হামলার শিকার হয়।
দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গোলাপ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে এবং শিশু তওবাকে হত্যা করে মরদেহ ইটভাটার পাশে পরিত্যক্ত জমিতে ফেলে রাখে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।
আহত গোলাপ হোসেন বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


