জ্বালানি সংকট নিরসনে বিরোধীদের প্রস্তাব প্রত্যাখান করেছে সরকার: বগুড়ায় জামায়াত আমির

সংবাদ সারাদিন ডেস্ক

প্রকাশিত: ১২  সেপ্টেম্বর | আপডেট: ১২  সেপ্টেম্বর ২০২৬  

দেশে চলমান তীব্র জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের গঠনমূলক প্রস্তাব সরকার গ্রহণ করেনি বলে অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়া সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, সময়মতো বিকল্প ব্যবস্থা না নেওয়ায় দেশের অর্থনীতি ও শিল্পখাতে এই সংকট মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বিরোধী দলের প্রস্তাব উপেক্ষিত হওয়ায় বাধ্য হয়েই জামায়াতে ইসলামীসহ অন্যান্য বিরোধী দল লংমার্চের মতো কঠোর রাজনৈতিক কর্মসূচির পথে হেঁটেছে বলে তিনি মন্তব্য করেন।

মতবিনিময় সভায় জামায়াত প্রধান উল্লেখ করেন, জ্বালানি সংকট কাটাতে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি জাতীয় টিম গঠনের প্রস্তাব দেওয়া হলেও সরকার তাতে ইতিবাচক সাড়া দেয়নি। একইসঙ্গে বিদ্যুৎ সংকটের বিষয়টি শুরু থেকেই সরকার অস্বীকার করে আসছিল, অথচ বর্তমানে তা শিল্প কারখানা ও দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতাকে স্তব্ধ করে দিয়েছে। রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পর জনগণের কাছে দেওয়া ওয়াদা থেকে দূরে সরে এসে এক ধরনের প্রতারণার পরিচয় দিয়েছে।

বগুড়ার স্থানীয় উন্নয়ন ও আঞ্চলিক সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে বগুড়া পুরো উত্তরবঙ্গের যোগাযোগের প্রধান কেন্দ্রবিন্দু হওয়া সত্ত্বেও স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছরে এখানে প্রত্যাশিত শিল্পায়ন ঘটেনি। এক সময়ের ‘মিনি শিল্পনগরী’ এবং সুপরিচিত শিক্ষা শহর হিসেবে স্বীকৃতি থাকা সত্ত্বেও বেহাল সড়ক ও অবকাঠামোগত অবহেলার কারণে জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন থমকে আছে। উক্ত মতবিনিময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ ও মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *