জাতীয় ডেস্ক | সংবাদ সারাদিন
গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বাস্তবায়নসহ সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চ করবে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। কর্মসূচির পথে বাগেরহাট, খুলনা ও যশোরে পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে। কুষ্টিয়ায় জনসভার মধ্য দিয়ে লংমার্চ শেষ হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লংমার্চের রুট, পথসভা ও সার্বিক প্রস্তুতির তথ্য জানান জোটের নেতারা।
সাত দফা দাবিতে কর্মসূচি
আয়োজকদের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে—
- গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কারের আইনি বাস্তবায়ন।
- ১০০ সদস্যের উচ্চকক্ষসহ দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা গঠন।
- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা।
- নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার।
- বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়ন।
- বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা।
- জীবনযাত্রার ব্যয় এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট নিরসন।
যেসব পথে যাবে লংমার্চ
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ঢাকা থেকে যাত্রা করে ফরিদপুর ও গোপালগঞ্জ হয়ে বাগেরহাটের কাটাখালীতে প্রথম পথসভা হবে। এরপর খুলনার শিববাড়ী মোড়, ফুলতলা বাসস্ট্যান্ড এবং যশোরের মুরলী মোড়ে পর্যায়ক্রমে পথসভা অনুষ্ঠিত হবে। পরে ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় পৌঁছাবে লংমার্চের গাড়িবহর।
আয়োজকরা জানান, লংমার্চে এক হাজারের বেশি যানবাহন যুক্ত হওয়ার প্রত্যাশা রয়েছে। খুলনার পথসভাগুলো সফল করতে ১৭টি উপকমিটি কাজ করছে। যানবাহন পার্কিংয়ের জন্যও নির্দিষ্ট স্থান প্রস্তুত রাখার পরিকল্পনা করা হয়েছে।
জনদুর্ভোগ এড়াতে সহযোগিতার আহ্বান
কর্মসূচির কারণে নগরবাসী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষের সাময়িক দুর্ভোগ হতে পারে উল্লেখ করে আগাম দুঃখ প্রকাশ করেছেন জোটের নেতারা। লংমার্চ ও পথসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন তাঁরা।


