আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিলেন হাইকোর্ট

সংবাদ সারাদিন ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬  

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের যেকোনো রাজনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিট আবেদনটি খারিজের আদেশ প্রদান করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী।

এর আগে গত ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন হাইকোর্টে রিটটি দায়ের করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক ২০২৫ সালের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপনটিকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানান। একই সঙ্গে রিট আবেদনটি বিচারে থাকা অবস্থায় প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত রাখার আবেদন জানানো হয়েছিল। কিন্তু হাইকোর্ট বেঞ্চ সব বিবেচনা শেষে রিটটি উত্থাপিত হয়নি উল্লেখ করে খারিজের এই রায় দেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংগঠনটির যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রজ্ঞাপন জারি করেছিল। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ ছিল, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির কোনো প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ সর্বপ্রকার রাজনৈতিক তৎপরতা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *