সংবাদ সারাদিন ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সাতকানিয়া উপজেলার আংশিক ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন একটি পৃথক উপজেলা গঠনের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। চট্টগ্রাম-১৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের পাঠানো আধা-সরকারি পত্রের (ডি.ও লেটার) সুপারিশের আলোকেই এ উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (উপজেলা পরিষদ-১ শাখা) থেকে সম্প্রতি (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশনামূলক চিঠি চট্টগ্রামের জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে। এতে মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৮ সালের পরিপত্র অনুযায়ী নির্ধারিত শর্তাবলী মেনে পূর্ণাঙ্গ প্রস্তাবনা তৈরি করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মতামতসহ মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসনিক পুনর্বিন্যাস নীতিমালার আলোকে স্থানীয় জনগণের জীবনযাত্রার সহজীকরণ, সুশাসন নিশ্চিতকরণ, আয়তন, জনসংখ্যা এবং ভৌগোলিক দূরত্বের বিষয়সমূহ পর্যালোচনা করে নতুন এই উপজেলার প্রস্তাবনা প্রস্তুত করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের প্রেরিত স্মারকে উল্লেখ করা হয়, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের ভৌগোলিক এলাকাভুক্ত সাতকানিয়ার প্রান্তিক ছয়টি ইউনিয়নকে আলাদা করে নতুন প্রশাসনিক ইউনিট তৈরি করা হলে চট্টগ্রাম মহাসড়ক ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় যেমন গতি আসবে, তেমনই নাগরিক সেবার পরিধিও অনেক সহজ হবে।
জেলা প্রশাসনের মাধ্যমে সরজমিনে তথ্য-উপাত্ত যাচাই-বাছাই ও বিভাগীয় কমিশনারের আনুষ্ঠানিক সুপারিশমালার চিঠি মন্ত্রণালয়ে পৌঁছানোর পর জাতীয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটি (নিকার) এর চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে। স্থানীয় সরকার বিভাগের এই চিঠির অনুলিপি সংশ্লিষ্ট সংসদ সদস্য, চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের পরিচালক, বিভাগীয় কমিশনার এবং সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) প্রশাসনিক সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতির জন্য জারি করা হয়েছে।


