মো সাইফুল ইসলাম
জেলা প্রতিনিধি, লক্ষীপুর।
লক্ষ্মীপুর সদর উপজেলায় মাটির কেনাবেচাকে কেন্দ্র করে বিরোধের জেরে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।
নিহত খোরশেদ আলম দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের ভাষ্য, বুধবার দুপুরে দুই ব্যক্তি খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে খোরশেদকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা।
পরিবারের সদস্যদের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আগে থেকেই খোরশেদকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। ওই বিরোধের জেরেই তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি তাঁদের। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের তদন্তে বিস্তারিত জানা যাবে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার জহুরুল ইসলাম রনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় খোরশেদ আলমকে হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ জানান, বুধবার দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ আরও জানিয়েছে, নিহত খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।


